ধর্মীয় বিদ্বেষ ঠেকাতে নীতি বদলালো টুইটার

১২ জুলাই, ২০১৯ ১১:২০  
ধর্মীয় গ্রুপগুলো থেকে বিভিন্নভাবে উসকানিমূলক পোস্টের কারণে বিশ্বের ৩০টি দেশ থেকে আট হাজারের বেশি রিপোর্ট পেয়েছে মাইক্রো ব্লগিং প্লাটপফর্ম টুইটার। এর পরিপ্রেক্ষিতে টুইটার ব্যবহারকরে কেউ যেন সমাজের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণাত্মক, ধর্মীয় বিদ্বেষ এবং ঘৃণা ছড়াতে না পারে সে বিষয় নীতিমালা সংস্কার করার কথা জানিয়েছে এই সোশ্যাল মিডিয়াটি। নিজস্ব ব্লগে এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধ করতে ঘৃণামূলক বক্তব্য বন্ধের টুইটারের নীতিমালা সংস্কার করা হয়েছে। টুইটার বলছে, ‘দীর্ঘদিন বিশেষজ্ঞ, টেকনিক্যাল টিম এবং বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে আলোচনা করেছি। তাই আমাদের নীতিমালায় ক্ষতিকর কনটেন্ট, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধ করতে কাজ করছি। ধর্মীয় উস্কানিমূলক যেকোনো পোস্ট, গ্রুপ শনাক্ত করা মাত্রই মুছে দেওয়া হবে।’ এদিকে এন্টি ডিফেমেশন লিগের ২০১৮ সালের গবেষণায় দেখা যায়, শুধুমাত্র যুক্তরাষ্ট্রে ৩৭ শতাংশ আমেরিকান অনলাইনে ঘৃণামূলক মন্তব্য এবং হয়রানির শিকার হয়েছেন। অন্যদিকে টুইটারে ২৮ শতাংশ মানুষ ধর্মীয় পরিচিতির কারণে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে। এছাড়া ৩৫ শতাংশ মুসলিম এবং ১৬ শতাংশ ইহুদি অনলাইনে হয়রানির শিকার হয়েছেন।